লাইসেন্স বাতিল ৪৯ রিক্রুটিং এজেন্সির

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ১৯ জুলাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মনিটরিং শাখার সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রিক্রুটিং এজেন্সিগুলোর অনুকূলে লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধিবিধান মেনে চলা বাধ্যতামূলক। তবে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৬, ৪২০, ৩৮৫, ৪২৭ ও ৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল এবং তা গৃহিত হওয়ায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ এর ১৩ ধারার ক্ষমতাবলে তাদের লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।

বাতিল হওয়া এজেন্সির মধ্যে ১/১১-এর কুশীলব ফাইভ এমন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অব:), সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের স্ত্রী কাশমিরী কামালের আরবিটালস এন্টারপ্রাইজ এবং মেয়ে নাফিসা কামালের অরবিটাল ইন্টারন্যাশনাল, বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন, সাবেক এমপি বেনজির আহমেদ, নিজাম হাজারী, নুর আলীসহ মোট ৪৯ জন রিক্রুটিং এজেন্সি মালিকের নাম লাইসেন্স প্রত্যাহার হওয়া তালিকায় রয়েছে।

উল্লেখ্য মাসুদ উদ্দিন চৌধুরী মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে কারাগারে আটক রয়েছেন। তার মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।