নয়া দিগন্ত ডেস্ক
৫৬ বছর বয়সী ওয়াং জিবিং চীনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা। জীবিকা
নির্বাহ করেন ফুড ডেলিভারি রাইডার হিসেবে। আর এরই মাঝে নিজের প্রতিভাকে ধরে রেখে সম্মানিত হলেন দেশের কাছে। খাবার সরবরাহের ফাঁকে ছোট্ট ছোট্ট কাগজে লেখা কবিতা তাকে এনে দিয়েছে চীনের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মাননা।
ডেলিভারি রাইডারদের দৈনন্দিন সংগ্রাম থেকে অনুপ্রাণিত হয়ে লেখা জিবিংয়ের কবিতার সঙ্কলন ‘লো ফ্লাইট’ পেয়েছে চীনের বিখ্যাত ‘লু শুও সাহিত্য পুরস্কার’। আধুনিক চীনা সাহিত্যের জনক হিসেবে পরিচিত লেখক লু শুওয়ের নামানুসারে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে।
ওয়াং জিবিং ডেলিভারি রাইডার হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে তার লেখা কবিতা ও নিবন্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এই মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার পাওয়ার পথটি ওয়াংয়ের জন্য সহজ ছিল না। এর পেছনে রয়েছে টানা কয়েক দশকের দীর্ঘ সংগ্রাম। গত ১৫ জুলাই এই পুরস্কার প্রাপ্তির খবর পান তিনি।
লু শুও সাহিত্য পুরস্কার বিজয়ীদের পুরস্কারের অর্থমূল্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না। তবে ২০১৪ সালের তথ্য অনুযায়ী এই অর্থের পরিমাণ ছিল এক লাখ চীনা ইউয়ান (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৮ লাখ ১৭ হাজার টাকা)।
পারিবারিক আর্থিক অনটনের কারণে কৈশোরেই লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হন ওয়াং। ফুড ডেলিভারির কাজ শুরুর আগে তিনি নির্মাণশ্রমিক, বর্জ্য কুড়ানো থেকে শুরু করে ফুটপাথে ফেরিওয়ালার কাজসহ নানা ধরনের পেশায় যুক্ত ছিলেন।



