চাটমোহর (পাবনা) সংবাদদাতা
দৈনিক নয়া দিগন্তে সচিত্র সংবাদ প্রকাশের পর পাবনার চাটমোহর উপজেলার তেনাচিড়া থেকে কাটাখালী সড়ক প্রশস্তকরণ ও মেরামত প্রকল্পে ক্ষতিগ্রস্ত এজিং মেরামত করাসহ নির্মাণ সামগ্রীর মান বজায় রেখে কাজ করা হচ্ছে। এই সড়কের নির্মাণকাজের পদ্ধতি নিয়ে জনমনে প্রশ্ন উঠলে পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বরেন্দ্র কনস্ট্রাকশন। কাজের বিভিন্ন ধাপে এলাকাবাসী কিছু অনিয়মের অভিযোগ তুললে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে সুষ্ঠুভাবে কাজ করার নির্দেশনা দেন। একই সাথে মনিটরিং কার্যক্রমও জোরদার করা হয়।
সরেজমিন দেখা যায়, সড়কের বিভিন্ন অংশের ক্ষতিগ্রস্ত এজিং মেরামত করা হয়েছে। নির্মাণকাজের প্রয়োজনীয় মান বজায় রাখতে উপজেলা প্রকৌশলী এনামুল কবিরের তদারকিতে সিডিউল মোতাবেক নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে।
উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, মান বজায় রেখে কাজটি যাতে সম্পন্ন করা যায়, সে জন্য আমরা সার্বক্ষণিক তদারকি করছি। উপজেলা প্রকৌশলী এনামুল কবির বলেন, যে সমস্যা হয়েছিল, তা ঠিক করা হচ্ছে।



