নয়া দিগন্ত ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারতীয় সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষ যদি কাঁটাতারের সীমানা নির্ধারণ করতে চায় তবে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে।
গতকাল সোমবার (১১ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে লবণচাষিদের জীবনমান উন্নয়নসংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
হাওড়ায় রাজ্য সচিবালয়ে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার। এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষ যদি কাঁটাতারের সীমানা নির্ধারণ করতে চায় সে বিষয়ে আমি এখনো কিছু জানি না- সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও সীমান্ত উত্তেজনাসংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। সেখানে রাজনৈতিক দলের পরিবর্তন হয়েছে। নতুন একটি রাজনৈতিক সরকার গঠিত হয়েছে সেখানে। ভারতের কোনো অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন বা অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্ত (যেমন কাঁটাতার নির্মাণ) তাদের নিজস্ব বিষয়।
মন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। কোনো নির্দিষ্ট অঙ্গরাজ্যের রাজনৈতিক পটপরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর প্রভাব ফেলে না। সীমান্তে অনুপ্রবেশ রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে।
বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না : পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ভয় দেখানোর মতো কোনো জায়গা নেই। বাংলাদেশে মানুষ কাঁটাতার ভয় পায় না, সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা কথা বলব।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, হাসিনা সরকারের আমলে যেভাবে সীমান্তে অনেক মানুষকে গুলি করে হত্যা বা কাঁটাতারে ঝুলিয়ে রাখার মতো বিষয়গুলো আমরা দেখেছি, সীমান্ত কোনোদিন ওই নমুনায় আসবে না ইনশাআল্লাহ। আর ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই গোলামির বাংলাদেশ না যে, বসে দেখবে। কী করতে হবে সিই বিষয়ে এই বাংলাদেশের পরিকল্পনা আছে।
প্রতিবেশী দেশগুলোকে অবশ্যই আঞ্চলিক শান্তি বজায় রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা প্রতিবেশী দেশগুলোর সাথে সংলাপ চাই। যেখানে আমরা সবাই ‘ভারসাম্যমূলক’ একটি জায়গায় থাকতে চাই। তবে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে, আছে ও থাকবেই। যেমন দেড় হাজার মানুষকে হত্যা করে পালিয়ে যাওয়া সন্ত্রাসী শেখ হাসিনা এখন ভারতে আশ্রয়ে আছে। তবে শেখ হাসিনা ভারতে বসে যেন বাংলাদেশে কোনো সন্ত্রাস না করতে পারে সে বিষয়টি আমরা ভারত সরকারকে বলেছি এবং তার প্রতিশ্রুতি দিয়েছে ভারত সরকার।
পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গেই আমাদের সম্পর্ক থাকবে। আমরা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে চাই না।
সাম্প্রতিক চীন সফরের বিষয়ে তিনি বলেন, চীন সফর সফলভাবে সম্পন্ন হয়েছে। তিস্তা নিয়ে আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে।
চীনের এক্সিম ব্যাংক অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান উপদেষ্টা।
প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের ঘোষণা শুভেন্দু অধিকারীর
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শনিবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর গতকাল সোমবার প্রথমবার সচিবালয় নবান্নে অফিস করেছেন শুভেন্দু অধিকারী। সেখানে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী হিসেবে শপথ নেয়া দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক। এই বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত হয়। শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যসচিব, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের সচিবকে ক্ষমতা দেয়া হয়েছে, যাতে আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর নিশ্চিত করা যায়।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ এর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সীমান্তের অসম্পূর্ণ কাঁটাতারের বেড়া পশ্চিমবঙ্গের নির্বাচনে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। বিজেপি তাদের নির্বাচনী প্রচারণায় বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরে। চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, যাতে ৩১ মার্চের মধ্যে ৯টি জেলার সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হয়।
মুখ্যমন্ত্রী আরো অভিযোগ করেন, ভারতের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে পাঠানো একটি চিঠির বিষয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তিনি বলেন, ২০২৫ সালের ১৬ জুন চিঠিটি পাঠানো হয়েছিল। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এটি পশ্চিমবঙ্গের জনগণ, দেশ এবং সংবিধানের সাথে প্রতারণা ছিল। এখন পশ্চিমবঙ্গে জনশুমারি জরিপ শুরু হবে।
এ ছাড়াও বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেন শুভেন্দু। কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পসহ প্রধানমন্ত্রী জন-আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০ এবং অন্যান্য সেন্ট্রাল স্পনসরড স্কিমে রাজ্য সরকারের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত এসেছে বৈঠকে। একইসাথে সরকারি চাকরির বয়স পাঁচ বছর বাড়ানো হয়েছে।



