শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নারী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পবিত্র কুরআন ও ফুলের চারা বিতরণ করা হয়েছে। গত বুধবার বেলা ১টা থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার শাবিপ্রবি শাখা এ কর্মসূচির আয়োজন করে।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচির প্রশংসা করে সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী নাবিলা তাবাসসুম বলেন, ক্যাম্পাসে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। পবিত্র কুরআন বিতরণের মাধ্যমে আমাদের মধ্যে যেমন দ্বীনি শিক্ষার প্রসার ও নৈতিকতার বিকাশ ঘটবে, তেমনি ফুলের চারা বিতরণ পরিবেশ সুরক্ষায় আমাদের আরো সচেতন করবে। এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য আমি আয়োজকদের সাধুবাদ জানাই।
কর্মসূচি সম্পর্কে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার শাবিপ্রবি শাখার সভানেত্রী আমিনা বেগম বলেন, আজ বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আয়োজন। তিনি আরো বলেন, আমরা ৬৫০ জন নারী শিক্ষার্থীকে ৬৫০ কপি কুরআন ও ৬৫০টি ফুলের চারা (গোলাপ, টগর, বেলী, গন্ধরাজ) বিতরণের পরিকল্পনা রয়েছে।



