বদলে যাওয়া ভোক্তা আচরণ, নতুন বাজারের সম্ভাবনা এবং ফুড অ্যান্ড বেভারেজ খাতের প্রবৃদ্ধি নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো- ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৬.০। ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের আয়োজনে শুক্রবার রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় খাতের শীর্ষ ব্যবসায়ী, বাজারজাতকরণ কর্মকর্তা ও শিল্প বিশ্লেষকরা এক মঞ্চে যুক্ত হয়ে খাতটির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ৯টিরও বেশি সেশনে ২৫ জনের বেশি বিশেষজ্ঞ বক্তা পরিবর্তিত জীবনযাপন, বাজার সম্প্রসারণ, ডিজিটাল বিপণন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন। দেশের বিভিন্ন ব্র্যান্ডের ৩০০ জনেরও বেশি পেশাজীবী এই আয়োজনে অংশ নেন।
আয়োজনের শুরুতে নবীনদের নতুন ব্যবসায়িক ভাবনার প্রতিযোগিতা ‘ফুড ব্রিলিয়ান্জ কেস কম্পিটিশনে’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শিল্প নেতাদের প্যানেল আলোচনায় উঠে আসে ভোক্তাদের সচেতন স্বাস্থ্যভাবনা, কার্যকর পণ্য সরবরাহব্যবস্থা (রুট-টু-মার্কেট) এবং মানসম্মত পণ্য তৈরির চ্যালেঞ্জের কথা।
ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মির্জা মো: ইলিয়াস জানান, খাদ্য খাতের নতুন ট্রেন্ড, বিপণন কৌশল এবং ব্যবসায়িক পরিবর্তনগুলোকে এক সুতোয় গাঁথতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রযুক্তি, সরবরাহব্যবস্থা ও খাদ্য উৎপাদনের সমন্বিত রূপ নিয়ে নানা সুপারিশ তুলে ধরেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আয়োজনে ‘বিজনেস ব্রিলিয়ান্জে’র ১০ম ইস্যুর মোড়কও উন্মোচন করা হয়। বিজ্ঞপ্তি।



