লেখক সাংবাদিক নাজিব ওয়াদুদের জন্মদিন আজ

Printed Edition

রাজশাহী ব্যুরো

সাহিত্য, সাংবাদিকতা, চিকিৎসা ও জনস্বাস্থ্য গবেষণায় অনবদ্য অবদান রেখে চলেছেন নাজিব ওয়াদুদ। আজ সোমবার তার জন্মদিন।

১৯৬১ সালের ২০ জুলাই রাজশাহী মহানগরীর উপকণ্ঠের শ্যামপুর গ্রামে তার জন্ম।

সাহিত্যের পাশাপাশি চিকিৎসা ও গবেষণাক্ষেত্রেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। তার প্রকাশিত গ্রন্থ ২৫টি। তিনি এমবিবিএস, এমফিল (মনোরোগ) এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ২০২৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের অতিরিক্ত প্রধান চিকিৎসক হিসেবে অবসরে গেলেও বর্তমানে একই প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিকভাবে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে তিনি দৈনিক রাজশাহী সংবাদ-এর প্রধান সম্পাদক এবং প্রিয়জন টিভির সম্পাদক। এর আগে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক প্রথম প্রভাত, নতুন প্রভাত ও লাল গোলাপ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া দ্য ডেইলি স্টার, নিউ এজ এবং দৈনিক নয়া দিগন্তসহ বিভিন্ন জাতীয় দৈনিকে স্টাফ রিপোর্টার ও ব্যুরো প্রধান হিসেবে কাজ করেছেন। তিনি রাজশাহী সিটি প্রেস ক্লাব এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

নাজিব ওয়াদুদের জন্মদিন উপলক্ষে আজ বিকেল ৪টায় রাজশাহী মহানগরীর মিয়াপাড়ায় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে লিটল ম্যাগাজিন সারবত্তা ও রৌদ্রলিপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কবি-প্রাবন্ধিক ড. অনীক মাহমুদ। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ও গবেষক অধ্যাপক ড. আলমগীর স্বপন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কথাশিল্পী মইন শেখ।