পাম বিচ বিমানবন্দরের নতুন নাম ‘ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’

Printed Edition
পাম বিচ বিমানবন্দরের নতুন নাম ‘ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’
পাম বিচ বিমানবন্দরের নতুন নাম ‘ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’

আরব নিউজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত বিখ্যাত পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হয়েছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ফ্লোরিডার গভর্নর রন ডি-স্যান্টিস এই নামকরণ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেন।

গভর্নরের স্বাক্ষরের ফলে গত প্রায় অর্ধশতক ধরে পরিচিত ‘পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর’ এখন থেকে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে অফিসিয়াল যাত্রা শুরু করল। নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত আসার পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক বার্তায় জানান, অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে এই বিমানবন্দরটিকে পৃথিবীর অন্যতম সেরা এবং সবচেয়ে সুন্দর বিমানবন্দরে রূপ দেয়া হবে। এই নামকরণের ঠিক পরদিনই ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প তাদের পারিবারিক ব্যক্তিগত বোয়িং ৭৫৭ বিমান ‘ট্রাম্প ফোর্স ওয়ান’ নিয়ে নতুন নামের এই বিমানবন্দরে অবতরণ করেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এরিক বলেন, ফ্লোরিডা এবং পাম বিচের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অন্য যেকোনো মানুষের চেয়ে অনেক বেশি গভীর।

এরিক আরো উল্লেখ করেন, এই বিমানবন্দর থেকে বের হওয়ার প্রধান সড়কটির নাম আগে থেকেই ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প বুলেভার্ড’ রাখা হয়েছিল। আর এখন থেকে পাম বিচগামী প্রতিজন বিমানযাত্রীর টিকিটে ‘ডিজেটি’ কোডটি দৃশ্যমান থাকবে। তবে বিমানবন্দরের এই নতুন নামকরণ নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ক্রিস বেইলি নামের একজন করপোরেট পাইলট এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, ট্রাম্প দেশের জন্য যা করেছেন, তাতে তার নামে এমন একটি বিমানবন্দর হওয়াটা খুবই স্বাভাবিক।

বিপরীতে জন মানভ নামের এক চিকিৎসক এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, আগের ‘পাম বিচ’ নামটাই সুন্দর ছিল। যেহেতু অনেকেই ট্রাম্পকে পছন্দ করেন না, তাই সরকারি এই সিদ্ধান্তটি মোটেও রুচিসম্মত হয়নি। সাধারণত কোনো জীবিত প্রেসিডেন্টের নামে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণ না করার যে দীর্ঘদিনের ঐতিহ্য যুক্তরাষ্ট্রে ছিল, বর্তমান প্রশাসন তা থেকে স্পষ্টতই সরে আসছে। গতকাল একই দিনে টেনেসিতে ‘ডোনাল্ড জে. ট্রাম্প ব্রিজ’ নামের একটি সেতুর উদ্বোধন করা হয়েছে।