রাসিকে জামায়াতের মেয়র প্রার্থী ডা: মোহাম্মদ জাহাঙ্গীর

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মহানগরের নায়েবে আমির ডা: মোহাম্মদ জাহাঙ্গীরকে মনোনয়ন দেয়া হয়েছে। গতকাল দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ডা: জাহাঙ্গীর রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি এবং মহানগর জামায়াতের সেক্রেটারি ছিলেন। দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত মুখ।

ডা: মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত আছেন, এর আগে সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজশাহী-২ (সদর) আসনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

দলীয় সূত্র জানায়, রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতার পাশাপাশি চিকিৎসাসেবায় সম্পৃক্ততা এবং নগরীতে সাংগঠনিক গ্রহণযোগ্যতার বিষয়টি বিবেচনায় নিয়ে ডা: জাহাঙ্গীরকে মেয়র পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেয়র প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার মধ্য দিয়ে আসন্ন রাসিক নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীর নির্বাচনী তৎপরতা আরো জোরালো হবে বলে মনে করছেন দলটির নেতারা।

এ দিকে, রাসিক নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে।