সাউথ আফ্রিকায় খেই হারাল ইমার্জিং দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে সিরিজের শুরুতেই কঠিন বাস্তবতার মুখোমুখি হলো বাংলাদেশ ইমার্জিং দল। প্রিটোরিয়ার গ্রোয়েনক্লুফ ওভালে স্বাগতিকদের গতির মুখে দাঁড়াতেই পারেননি সফরকারী ব্যাটাররা। মাত্র ৮৯ রানে অলআউট হয়ে সাত উইকেটের বড় হার বাংলাদেশ ইমাজিং দলের। আজ প্রিটোরিয়ার টুকস ওভালে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইউএসএসএ’র মুখোমুখি হবে বাংলাদেশ। সেখানে ব্যাটিংয়ের ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়ানোই এখন দলের মূল লক্ষ্য।

গত শনিবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের নিজেদের প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া বোলারদের নিখুঁত লাইন-লেংথ আর বাউন্সের সামনে শুরু থেকেই খাবি খেতে থাকেন ওপেনার থেকে শুরু করে টপ অর্ডারের সবাই। পুরো ইনিংসে একাই লড়াই করেছেন ওপেনার মাহফিজুল ইসলাম। ৭৩ বলে ৪০ রান করেন তিনি। এ ছাড়া আর মাত্র দু’জন ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন আমিনুল ইসলাম বিপ্লব (১১) ও সামিউন বশির (১০)। এমনকি জাতীয় দলে খেলে ফেলা মাহিদুল ইসলাম অঙ্কনও পেসের তাণ্ডবে ২৮ বল খেলে আউট হন মাত্র দুই রানে। ৩০.২ ওভারেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। বাংলাদেশের ব্যাটিং লাইনে ধস নামানোর মূল কারিগর প্রোটিয়া পেসার দিয়ান গালিয়েম। ৮.২ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন পাঁচটি উইকেট। দুই উইকেট নেন আন্দিলে মগাকানে।

৯০ রানের সামান্য লক্ষ্য তাড়ায় তিন উইকেট হারিয়ে ১৮.৪ ওভারেই জিতে যায় দক্ষিণ আফ্রিকা। ২২ রানে দুই উইকেট নেন রিজওয়ান।