নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মহাখালীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তারা। এই ঘটনায় চারজনকে আটক করেছে তেজগঁাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। গতকাল সকাল ৯টার দিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের মূলসড়কে মিছিল করার পর তাদের আটক করা হয়। তবে তাদের সাংগঠনিক পদপদবি জানা যায়নি। আটকরা হলেন মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আরা বেবি (৫০), মনির হোসেন (৪৮) ও মো: জুয়েল মিয়া (৪১)।
হামে শিশুমৃত্যুর প্রতিবাদ ও প্রতিরোধযোগ্য এই রোগে মৃত্যু ঠেকাতে না পারায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের শাস্তির দাবিতে ওই ঝটিকা মিছিল বের করে তারা। মিছিল থেকে তিন-চারটি ককটেল বিস্ফোরণও ঘটায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মহাখালী আইসিডিডিআরবির সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন জড়ো হন। পরে তারা বাস টার্মিনালের দিকে মিছিল শুরু করেন। মিছিলটি টার্মিনাল এলাকায় এলে মহিলা লীগেরও কয়েকজন যুক্ত হন। এ সময় মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যান।
তেজগঁাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লোকজন মিছিল করেছে। এ সময় তারা চার থেকে পঁাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের মধ্য থেকে চারজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে চারজনকে নিয়ে অভিযান চলছে। বাকিদের গ্রেফতার করার পর মামলা ও ব্যবস্থা নেয়া হবে।
এ দিকে গতকাল সকাল ১০টার দিকে গণভবন ও রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৪০ থেকে ৫০ জনের একটি দল প্রথমে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে জড়ো হয়। পরে তারা মিছিল বের করে গণভবনের মূলফটকের সামনে দিয়ে অতিক্রম করে এক থেকে দেড় মিনিটের মধ্যেই দ্রুত স্থান ত্যাগ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
অন্য দিকে অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী ও মুগদা থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থেকে ১৪ জন ও মুগদা থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়।
এ ছাড়াও ডিএমপির তেজগঁাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের মধ্যে তেজগাঁও থানায় তিনজন, শেরেবাংলা নগরে ছয়জন, মোহাম্মদপুরে ১৪ জন, আদাবরে ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চলে পাঁচজন ও হাতিরঝিলে পাঁচজন রয়েছে। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।



