কাবাডিতে সাবলীল উপস্থিতি জাইমা রহমানের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের মধ্যে জাইমা রহমানের উচ্ছ্বাসে ভাসল কাবাডি স্টেডিয়াম। ঘরের মাঠে নেপাল কাবাডি দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে উড়ন্ত সূচনা করল লাল সবুজের মেয়েরা। জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ৩৪-২৪ পয়েন্টে হারিয়ে ১-০ তে লিড নিলো স্বাগতিকরা।

এই জয়ের ম্যাচটি বাড়তি মাত্রা পেয়েছিল প্রধানমন্ত্রী মেয়ে জাইমা রহমানের উপস্থিতি। ম্যাচের শুরুতে দুই দলের খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাতে অংশ নেন। এরপর এক পর্যায়ে ভিআইপি বক্স থেকে নিচে নেমে এসে সাধারণ দর্শকের মতোই দাঁড়িয়ে পুরো খেলা উপভোগ করেন। খেলোয়াড়দের উৎসাহিত করেছেন। খেলা শেষে বাংলাদেশ দলের খেলোয়াড়দের কাছে ডাকেন। কুশলবিনিময় করেন এবং দলের সাফল্যের অংশীদার হয়ে সেলফি তোলেন। এর আগে সিরিজের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মো: আলী হোসেন ফকির।