রয়টার্স
ইরান-মার্কিন সামরিক উত্তেজনার আবহেই ওয়াশিংটনের আপত্তি ও নিরস্ত্রীকরণের দাবি উপেক্ষা করে নিজেদের পারমাণবিক শক্তি আরও জোরদার করার স্পষ্ট ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শত্রুভাবাপন্ন ও বৈরী নীতিতে কোনো পরিবর্তন না আসায় তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। গতকাল সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে বলা হয়, ট্রাম্প প্রশাসন পিয়ংইয়ংয়ের ‘পূর্ণাঙ্গ পারমাণবিক নিরস্ত্রীকরণ’-এর অন্যায় দাবি, মানবাধিকার ইস্যুতে সমলোচনা এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে যৌথ সামরিক মহড়ার আয়োজন করে সরাসরি সঙ্ঘাতপূর্ণ অবস্থান প্রকাশ করছে। উত্তর কোরিয়ার মতে, এ ধরনের পদক্ষেপ তাদের সার্বভৌমত্ব, রাজনৈতিক ব্যবস্থা ও নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলে দিয়েছে। তাই সার্বভৌমত্ব রক্ষার চূড়ান্ত হাতিয়ার হিসেবে নিজেদের পারমাণবিক সক্ষমতা কোনো অবস্থাতেই হ্রাস করা হবে না, বরং তা আরো বৃদ্ধি করা হবে। বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা হ্রাসের আশা করাকে পিয়ংইয়ং অর্থহীন বলে অভিহিত করেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সাথে বাৎসরিক ‘উলচি ফ্রিডম শিল্ড’ যৌথ সামরিক মহড়ার ব্যাপ্তি কমানোর সিদ্ধান্ত দেন।



