নিজস্ব প্রতিবেদক
অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ঘরানার সাতটি ইসলামী দলের নেতাদের নিয়ে এক মতবিনিময় সভা গতকাল চট্টগ্রাম ফটিকছড়ি জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় অনুষ্ঠিত হয়।
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজি আতাউর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত সাত দলের নেতারা আগামীতে ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন। সভায় বলা হয়, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া বাঁশখালী, চকরিয়া, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন উপজেলার বহু পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের পূনর্বাসন অত্যন্ত জরুরি। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক, সামাজিক ও ঈমানী দায়িত্ব।
হেফাজত আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী হেফাজত জেলা উপজেলা শাখার পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ ও দুর্গত মানুষের সহযোগিতা এবং পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।



