সরকারের প্রতি জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান এনসিপির

Printed Edition
রাজধানীর আইডিইবি ভবনে এনসিপির আলোচনা সভায় মো: নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা : নয়া দিগন্ত
রাজধানীর আইডিইবি ভবনে এনসিপির আলোচনা সভায় মো: নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত, হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতাদের অভিযোগ, গণ-অভ্যুত্থানের দুই বছর পরও আহতদের পুনর্বাসন, শহীদ পরিবারের ন্যায়বিচার এবং রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নে অগ্রগতি নেই। সোমবার রাজধানীতে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় এসব দাবি ও অভিযোগ করেন তারা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের প্রকৃত রূপকার শহীদ ও আহতরা। তাদের আত্মত্যাগের উদ্দেশ্য শুধু সরকার পরিবর্তন নয়; বরং এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে ভবিষ্যতে স্বৈরতন্ত্র বা রাষ্ট্রীয় নিপীড়নের পুনরাবৃত্তি হবে না। তবে দুই বছর পরও সেই লক্ষ্য বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে তিনি দাবি করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়িত হয়নি, শহীদ পরিবার বিচার পায়নি এবং আহতদের পুনর্বাসনও সম্পন্ন হয়নি। পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট, কর্মসংস্থানের অভাব এবং জনদুর্ভোগের কথাও তুলে ধরে তিনি বলেন, পরিবর্তন শুধু ক্ষমতার পালাবদলে সীমাবদ্ধ থেকেছে, রাষ্ট্রের চরিত্রে নয়।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই সংস্কার ও বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা হয়েছে। এর ফলে অনেক মামলার আসামি জামিনে মুক্ত হচ্ছেন। আহতদের জন্য দেয়া স্বাস্থ্য কার্ড কার্যকর নয় এবং জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবর সংরক্ষণেও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে এখনো মামলা হচ্ছে, অন্য দিকে হামলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা জামিন পাচ্ছেন। শহীদ পরিবার ও আহতদের এনসিপির বিরুদ্ধে কথা বলার জন্য চাপ দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে নাহিদ ইসলাম নতুন সংবিধান প্রণয়নের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, ১৯৭২ সালের সংবিধানের কাঠামোর মধ্যে থেকে কাক্সিক্ষত পরিবর্তন সম্ভব নয়। বিচারব্যবস্থা, প্রশাসন, গণমাধ্যম ও অর্থনৈতিক কাঠামোয় মৌলিক সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গড়া যাবে না। একই সাথে জুলাই গণহত্যা, ওসমান হাদি হত্যা এবং গুম-খুনের ঘটনার বিচার দ্রুত সম্পন্নের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে এনসিপি ও সমমনা রাজনৈতিক শক্তি আন্দোলন আরো জোরদার করবে।

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রতি আহত ব্যক্তি, শহীদ পরিবারের সদস্য এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিরা নিরাপত্তা পাচ্ছেন, অথচ আহত ব্যক্তিরা হুমকির মুখে রয়েছেন। তিনি বলেন, আহতদের চিকিৎসা, শহীদ পরিবারের পুনর্বাসন, হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত এনসিপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।