জীবনের সাফল্য নির্ভর করে সততা ও দায়িত্ববোধের ওপর : মতিউর রহমান আকন্দ

Printed Edition
মুক্তাগাছা ছাত্রশিবির আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত
মুক্তাগাছা ছাত্রশিবির আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ভালো ফলাফল শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য গুরুত্বপূর্ণ হলেও প্রকৃত সাফল্য নির্ভর করে নৈতিকতা, সততা, চরিত্র ও দায়িত্ববোধের ওপর। অর্জিত জ্ঞান ও মেধাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক মূল্যবোধসম্পন্ন জীবন গড়ে তুলতে হবে।

গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের মুক্তাগাছা পৌরপাঠাগার মিলনায়তনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুক্তাগাছা উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

মতিউর রহমান আকন্দ বলেন, শুধু মেধা দিয়ে প্রকৃত সফলতা অর্জন সম্ভব নয়। মেধার সাথে নৈতিকতা ও সততার সমন্বয় ঘটাতে হবে। শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মইন। বিশেষ অতিথি ছিলেন মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শামছুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদ, ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের আল মাহমুদ, মুক্তাগাছা পৌর জামায়াতের আমির আফতাব উদ্দিন আকন্দ এবং এম এন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ অধ্যাপক মো: শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ছাত্রশিবির মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখার সভাপতি জুয়েল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফিজুল হোসেন শান্ত।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন। শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা সামগ্রী তুলে দেয়া হয়।