নয়া দিগন্ত ডেস্ক
দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জুলাইয়ে যুদ্ধের অবসানের পর ইরানে এটিই প্রথম মার্কিন হামলা বলে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন। এই হামলার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে আইআরজিসি। রোববার এ হামলার ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করে ওই মার্কিন কর্মকর্তা আলজাজিরাকে জানান, রোববার হরমুজ প্রণালীতে মাইন বহনকারী রকেট ছোড়ার প্রস্তুতিতে থাকা ইরানের উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এতে কয়েকজন সেনা নিহত ও আহত হয়েছেন। হামলার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি বলেছে, এই কর্মকাণ্ডের জবাব দেয়া হবে এবং আগ্রাসীকে শাস্তি দেয়া হবে।
বিবিসি লিখেছে, জুলাইয়ের শেষ দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক অভিযান স্থগিত করার পর ইরানে এটিই যুক্তরাষ্ট্রের প্রথম হামলা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র কমান্ডার টিম হকিন্স সিবিএস নিউজকে বলেন, ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদস্যদের সমুদ্র মাইন পাতাসহ রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিতে দেখা গেছে।’
আইআরজিসি বলেছে, রোববারের হামলায় কয়েকজন নিহত ও আহত হয়েছেন। তারা এর ‘জবাব ও শাস্তি’ দেবে। পরে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, লারাক দ্বীপে হামলার জবাবে জর্দানে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আইআরজিসি। আইআরজিসির বিবৃতি আসার পর জর্দানের সেনাবাহিনী জানায়, তারা আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। লারাক দ্বীপটি গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস উপকূলের কাছেই অবস্থিত এবং এটি হরমুজ প্রণালীর মুখে অবস্থিত। বিবিসি লিখেছে, ইরান বর্তমানে তেলবাহী জাহাজগুলোকে লারাক দ্বীপের পাশ দিয়ে যাওয়ার সময় পরীক্ষা করছে। একইসাথে জাহাজগুলোকে পার হওয়ার জন্য ২০ লাখ ডলার করে দিতে বাধ্য করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি এ হামলাকে ‘ট্রাম্প সরকারের কৌশলগত ও প্রাণঘাতী ভুল’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘শত্রুকে এই ভুল হিসাবের পরিণতি অর্থনৈতিক ও সামরিক- দুই ক্ষেত্রেই ভোগ করতে হবে।’
তাসনিম নিউজ এজেন্সি এর আগে জানিয়েছিল, ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। হামলায় দু’জন নিহত এবং আরো দু’জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা পর ইরানের সংবাদমাধ্যমে আইআরজিসির একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, লারাক দ্বীপে হামলার জবাবে জর্দানে যুক্তরাষ্ট্রের কিং হুসেইন ও আল-আজরাক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে আইআরজিসি।
হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে দাবি করে আইআরজিসি বলেছে, হামলায় ‘কারিগরি অবকাঠামো, রক্ষণাবেক্ষণ স্থাপনা এবং শত্রুর যুদ্ধবিমানের অবস্থান’ নিশানা করা হয়েছে। ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন, ইরান হরমুজ প্রণালী অবরোধ করতে যেসব মাইন পেতে রেখেছিল, সেগুলো সব ধ্বংস করা হয়েছে অথবা সরিয়ে ফেলা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, কোনো জাহাজ বা নৌযান নতুন করে মাইন বসাতে গেলে সেটি ধ্বংস করা হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ট্রাম্পের ওই দাবিকে ‘প্রপাগান্ডা’ বলে বর্ণনা করেন।
ওয়াশিংটন গত ২৪ অগাস্ট নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়ার পর ইরান আবারো অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। নতুন এ নিষেধাজ্ঞার লক্ষ্য হল তেহরানকে আরো বিচ্ছিন্ন করা এবং ইরানের মিত্রদের ওপরও পরোক্ষ নিষেধাজ্ঞা বাড়ানো। ইরানের কর্মকর্তারা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নতুন এ নিষেধাজ্ঞাকে আগের মার্কিন অর্থনৈতিক পদক্ষেপেরই ধারাবাহিকতা হিসেবে দেখছে। তাদের দাবি, সাম্প্রতিক সঙ্ঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যর্থতার পরই ওয়াশিংটন এসব পদক্ষেপ নিয়েছে।
ইরানে গত ২৮ ফেব্রুয়ারি ব্যাপক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর জবাবে ইসরাইল, যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং তাদের উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর ওপর হামলা চালায় ইরান। একইসাথে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল বন্ধ করে দেয়। ইরান-ইসরাইল যুদ্ধ এখন ছয় মাস পেরিয়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট ব্যবহৃত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হতো।
আবারো বাড়ল তেলের দাম
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি বেড়েছে। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের লারাক দ্বীপে হামলা চালানোর পর ইরান জর্দানে থাকা মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এরপরই আন্তর্জাতিক তেলের বাজারে নতুন করে উত্তেজনা তৈরি হয়।
সোমবার বাংলাদেশ সময় ভোরের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ১৮ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৩২ ডলারে পৌঁছায়। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আবারো নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এর প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারে পড়তে পারে। আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে বলেন, পরিস্থিতি আবারো উত্তেজনা বাড়ার পর্যায়ে প্রবেশ করেছে। এই উত্তেজনা কতদিন চলবে, তা নিশ্চিত করে বলা কঠিন; কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।
তাছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে একযোগে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। গতকাল সোমবার ভোররাতে এই অভিযান পরিচালিত হয়। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, লারাক দ্বীপে মার্কিন বাহিনীর আগ্রাসনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদস্যসহ সাধারণ ইরানি নাগরিকদের মৃত্যুর জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। ইরানি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের বিবৃতিতে বলা হয়, আল মিনহাদ ঘাঁটি বিদেশী বাহিনীর অন্যতম প্রধান লজিস্টিক ও বিমান পরিবহন কেন্দ্র। মার্কিন অবস্থানগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধনের উদ্দেশ্যেই ড্রোন হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী। বিবৃতিতে আরো বলা হয়, আঞ্চলিক হুমকি পুরোপুরি দূর না হওয়া এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা না হওয়া পর্যন্ত ইরানি বাহিনী তাদের অবস্থান থেকে সরে আসবে না। আমেরিকান সন্ত্রাসী বাহিনীর চাপিয়ে দেয়া যুদ্ধের জবাবে প্রতিটি শহীদের রক্তের বদলা নেয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।



