চীনের পেমেন্ট সিস্টেমে যুক্ত হচ্ছে লিবিয়া

Printed Edition

মিডল ইস্ট মনিটর

বিশ্ববাজারে মার্কিন ডলারের একচেটিয়া আধিপত্য ও নির্ভরতা কমাতে এবার চীনের আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেমের (সিআইপিএস) সাথে যুক্ত হতে যাচ্ছে লিবিয়া। বেইজিংয়ে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নাজি মোহাম্মদ ইসা এবং পিপলস ব্যাংক অব চায়নার গভর্নর প্যান গংশেংয়ের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেয়া হয়েছে।

লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বেইজিং সফরে দুই দেশের শীর্ষ ব্যাংকিং কর্মকর্তাদের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা পর্যালোচনা এবং তা আরো গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি নতুন কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে সরাসরি চীনের ‘ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম’ বা সিআইপিএস-এর সাথে সংযুক্ত করার বিষয়ে ঐকমত্য তৈরি হয়। এই নতুন নেটওয়ার্ক চালুর ফলে মধ্যস্থতাকারী কোনো তৃতীয় দেশের ব্যাংকের সাহায্য ছাড়াই সরাসরি চীনা মুদ্রা ‘ইউয়ান’-এর মাধ্যমে দুই দেশ আর্থিক লেনদেন ও তহবিল স্থানান্তর করতে পারবে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা উল্লেখযোগ্য হারে কমে আসবে।

উল্লেখ্য, চীনা মুদ্রার আন্তর্জাতিক ব্যবহার বাড়াতে ২০১৫ সালে এই সিআইপিএস ব্যবস্থা চালু করেছিল পিপলস ব্যাংক অব চায়না। লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দুই দেশের বাণিজ্যিক লেনদেন ত্বরান্বিত করতে বিদ্যমান সবধরনের আইনি ও প্রযুক্তিগত জটিলতা দূর করতে সম্মত হয়েছে উভয় পক্ষ। এর আওতায় লিবিয়া থেকে সরাসরি চীনে অর্থ স্থানান্তরের সুবিধা চালু করা হচ্ছে, যা বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় ধরনের সুবিধা এনে দেবে। এর পাশাপাশি এখন থেকে চীনের ব্যাংকগুলোর মাধ্যমে সরাসরি লেটার অব ক্রেডিট বা এলসি খোলার সুযোগও তৈরি হবে।