মেটাকে ইইউ’র কড়া নির্দেশ

ফেসবুক-ইনস্টাগ্রামের আসক্তি তৈরির নকশা বদলানোর তাগিদ

Printed Edition

সিএনএন

ফেসবুক ও ইনস্টাগ্রামের আসক্তি তৈরিকারী নকশা (অ্যাডিকটিভ ডিজাইন) পরিবর্তনের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই নির্দেশনা বাস্তবায়ন না করলে প্রতিষ্ঠানটিকে বিপুল অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হবে বলে সতর্কবার্তা দেয়া হয়েছে। শুক্রবার ইইউ’র পক্ষ থেকে মেটাকে এই আলটিমেটাম দেয়া হয়।

ব্রাসেলস থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট বিশেষ করে শিশু এবং ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ইইউ। প্ল্যাটফর্ম দু’টিতে অবিরাম স্ক্রলিং (ইনফিনিট স্ক্রল), অতিরিক্ত ব্যক্তিকেন্দ্রিক নিউজ ফিড এবং স্বয়ংক্রিয় ভিডিও চালুর (অটোপ্লে) মতো কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, যা ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে নিয়োজিত রাখতে প্ররোচিত করে। ইউরোপীয় কমিশনের প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, মেটা ইইউ’র ডিজিটাল কনটেন্টবিষয়ক আইন লঙ্ঘন করেছে। ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামের বর্তমান নকশায় পরিবর্তন আনা বাধ্যতামূলক। ইইউ’র প্রযুক্তিবিষয়ক প্রধান হেনা ভিরক্কুনেন এক বিবৃতিতে উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর প্রধান অগ্রাধিকার হওয়া উচিত ইউরোপের নাগরিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা করা। সাম্প্রতিক মাসগুলোতে অনলাইন ব্যবহারকারী, বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ আরো বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন।