নিজস্ব প্রতিবেদক
গ্যাসের সঙ্কট নিরসনে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এক-দেড় সপ্তাহের মধ্যেই গ্যাস সমস্যার সমাধান হয়ে যাবে। গতকাল বুধবার সকালে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, মহেশখালীর গ্যাসের টার্মিনালে কারিগরি ত্রুটি হয়েছিল সেটা এখন ঠিক হয়ে এসেছে। ওখানে গ্যাস পুনর্ভরণ হলে আপনারা দেখবেন যে এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই ইনশাল্লাহ গ্যাসের সচল সরবরাহ হবে, গ্যাস সঙ্কটের নিরসন হবে। রান্নাঘরে এখন গ্যাসের অভাবের যে চুলা কম কম করে জ্বলছে সেই চুলা আবার জ্বলতে থাকবে। মিল-কল-কারখানার জন্য যে পর্যাপ্ত জ্বালানি দরকার সেই জ্বালানির ব্যবস্থা ইনশাআল্লাহ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে, এটা সরকারের কমিটমেন্ট।
রিজভী বলেন, জনগণের দুর্ভোগকে নিরসন করার জন্য ইতোমধ্যেই দ্রুত এলএনজি কেনা, জ্বালানি কেনার জন্য সরকার আরো ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বাজেটে জ্বালানি খাতে যে বরাদ্দ আছে তার অতিরিক্ত এটি। সরকার বসে নেই।
জ্বালানি সঙ্কট বর্তমান সরকারের ত্রুটির কারণে নয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, এই সঙ্কট সরকারের ত্রুটির কারণে নয়। আমেরিকা-ইরান যুদ্ধ চলছে এবং মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী দিয়ে সবচেয়ে বেশি জ্বালানির জাহাজ আসে, কার্গো আসে, সেই হরমুজ প্রণালী বন্ধ সেখানে সবাই ভয় পাচ্ছে যে মাইন পোঁতা আছে, বোম পোঁতা আছে। আবার আকাশ দিয়ে বোম পড়ছে। যেহেতু যুদ্ধ চলছে সেজন্য হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ আছে। ফলে গ্যাস সঙ্কট একটা গ্লোভাল সঙ্কট।
গ্যাস সঙ্কট নিয়ে বিরোধীদলের আন্দোলন সম্পর্কে এক প্রশ্নের জবাবে রহুল কবির রিজভী বলেন, যদি কনস্ট্রাক্টিভ বিরোধীদল হন তাহলে সেই কথাগুলো (কেন গ্যাসের সঙ্কট) বলতে হবে। আর যদি মানে সরকারকে বিপাকে ফেলা এবং ঘোলাপানিতে মাছ শিকারের ব্যাপার হয় তাহলে সেটা ভিন্ন ব্যাপার। সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ স্থান দেয়, জনগণের স্বার্থের বিপরীতে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি। যার কারণে আমাদের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।
বসুন্ধরা কনভেনশন সেন্টারের কাছে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে মহানগর উত্তরের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ সারা দেশের বৃক্ষরোপণ কর্মসূচির হচ্ছে। নিম গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রিজভী।
এসময়ে বিএনপির যুগ্ম মহাসচিব পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন, মহানগর উত্তরের মোস্তফা জামানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



