আইরিন খান জাতিসঙ্ঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন

Printed Edition
জাতিসঙ্ঘ মহাসচিবের কাছে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির পরিচয়পত্র পেশ করেন আইরিন খান : নয়া দিগন্ত
জাতিসঙ্ঘ মহাসচিবের কাছে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির পরিচয়পত্র পেশ করেন আইরিন খান : নয়া দিগন্ত

কূটনৈতিক প্রতিবেদক

জাতিসঙ্ঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন খ্যাতিমান মানবাধিকার কর্মী আইরিন জুবাইদা খান। নিউ ইয়র্কে গত শুক্রবার জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে তিনি পরিচয়পত্র পেশ করেছেন। আইরিন খান পেশাদার কূটনীতিক সালাহউদ্দিন নোমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

সালাউদ্দিন নোমান বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিতে পারেন। আর বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতের বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দেবেন। আইরিন খানকে গত ৮ জুলাই প্রতিমন্ত্রীর পদমর্যাদা জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর তিনি বাংলাদেশে এসে সরকারের বিভিন্ন মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আগে আইরিন খান জাতিসঙ্ঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার হিসেবে ২০২০ সালের ১ আগস্ট থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। এই পদে কাজ করা তিনিই প্রথম নারী।

আইরিন খান জাতিসঙ্ঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরে কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি ২১ বছর কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন সদর দফতরসহ বিভিন্ন দেশে। ভারতে ইউএনএইচসিআরের মিশনপ্রধানের দায়িত্বও তিনি সামলেছেন। ২০০১ সাল থেকে আট বছর মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের দায়িত্ব পালন করেন আইরিন খান। ম্যানচেস্টার ইউনিভার্সিটি ও হার্ভার্ড ল স্কুলে তিনি পড়াশোনা করেছেন। মানবাধিকার সমুন্নত রাখার লড়াইয়ে অবদানের জন্য ২০০৬ সালের সিডনি শান্তি পুরস্কারসহ আইরিন খান বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।