ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বরইতলা এলাকায় গ্যাসলাইন মেরামতের সময় পাইপলাইনে বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে বরইতলার মনির হাজির আট তলা ভবনে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- রাকিব, সুমন ও রাজন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে রাকিবের শারীরিক অবস্থা গুরুতর।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত থেকে ওই ভবনের গ্যাসলাইনের মেরামতের কাজ চলছিল। ভোরে কাজ করার একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
দগ্ধ শ্রমিক সুমন বলেন, রাত থেকেই লাইনের কাজ করছিলাম। ভোরের দিকে হঠাৎ করেই পাইপের ভেতর বিস্ফোরণ হয়। কিছু বোঝার আগেই আগুন লেগে যায় শরীরে। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দগ্ধদের দ্রুত হাসপাতালে পাঠান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, আহতদের কাছ থেকে জানা গেছে গ্যাস লাইনের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাইনে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে। তিতাস গ্যাসের একটি দলও ঘটনাস্থল ঘুরে দেখেছে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, মেরামতের কাজ কারা করছিলেন এবং লাইনে কোনো ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি রাজধানী ও আশপাশের এলাকায় গ্যাসলাইন লিকেজ ও বিস্ফোরণের ঘটনা বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো পাইপলাইন ও অনিরাপদ মেরামতের কারণেই এসব দুর্ঘটনা ঘটছে।



