চবিতে চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন

Printed Edition
চবিতে চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা :  নয়া দিগন্ত
চবিতে চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, স্যাটেলাইট-ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ কেন্দ্র দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীল অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে, এই কেন্দ্রের প্রতিষ্ঠা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরং সমগ্র বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। যার মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক তথ্যবিনিময় ও সামুদ্রিক গবেষণার নতুন যুগে প্রবেশ করল।

প্রতিমন্ত্রী গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসা প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চবি ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, চবির প্রো-ভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শেওপেং, সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি ডেপুটি ডিরেক্টর জেনারেল প্রফেসর ড. ফু বিন বিশেষ অতিথির বক্তৃতা করেন। আরো বক্তব্য রাখেন- স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি সামুদ্রিক দেশ। বঙ্গোপসাগরকে ঘিরে দেশের অর্থনীতি, পরিবেশ, আবহাওয়া এবং জীবিকা বহুলাংশে নির্ভরশীল। তাই স্যাটেলাইট-ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ কেন্দ্র দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আবহাওয়া পূর্বাভাস, সমুদ্র গবেষণা, মৎস্যসম্পদ ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।