দর্শনায় স্টেশনমাস্টারের যোগদানে বাধা, উত্তেজনা

Printed Edition

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে নতুন স্টেশন মাস্টার মামুনুর রশিদের যোগদানে বাধা দেয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত বুধবার সন্ধ্যায় তাকে যুবলীগ নেতা আখ্যা দিয়ে বিক্ষুব্ধদের তোপের মুখে ফেলা হলে তিনি যোগদান না করেই ফিরে যেতে বাধ্য হন।

স্থানীয়দের একাংশের অভিযোগ, মামুনুর রশিদ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক পরিচয় থাকা কোনো কর্মকর্তাকে দর্শনা স্টেশনে কিছুতেই যোগদানের সুযোগ দেয়া হবে না বলে জানান তারা। অভিযোগ অস্বীকার করে মামুনুর রশিদ বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই। এটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার নাজমা ইয়াসমিন পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছেন। তবে ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার নাজমা ইয়াসমিন এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, সরকারি আদেশ মেনে চলাই তার কাজ। নতুন কর্মকর্তার যোগদানে তার কোনো আপত্তি থাকার সুযোগ নেই। রেল ইয়ার্ডের ভেতর কোনো মারধর বা হুমকির ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দর্শনা সার্কেলের ইন্সপেক্টর মো: আলতাফ হোসেন জানান, নতুন স্টেশনমাস্টারের যোগদানে বাধার বিষয়টি তিনি শুনেছেন। তবে রেল ইয়ার্ডের ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনা বা মারধরের খবর তাদের জানা নেই। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।