হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

Printed Edition

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের নিকলীর হাওরভিত্তিক পর্যটন এলাকায় আবারো গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও গতকাল শনিবার বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য পর্যটক ও স্থানীয়দের মধ্যে আবারো উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিখোঁজ পর্যটককে উদ্ধারে স্থানীয় নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল, ট্যুরিস্ট পুলিশ, স্থানীয় থানা পুলিশ এবং সংশ্লিষ্ট প্রশাসনের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, গত শুক্রবার দুপুরে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তি গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে শফিকুল ইসলাম তুলু (২৮)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে নিকলী হাওরে আসেন শফিকুল। তিনি কাঁঠালিয়া এলাকায় হাওরের পানিতে গোসলের উদ্দেশ্যে ঝাঁপ দেন। এ সময় প্রবল স্রোতের টানে মুহূর্তের মধ্যেই তিনি পানির নিচে তলিয়ে যান। সাথে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও স্রোতের কারণে তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।