মোস্তাফিজের নতুন যাত্রা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আগেই হয়েছে মোস্তাফিজুর রহমানের। তবে এবার তার সামনে একেবারেই নতুন এক মঞ্চ। প্রথমবারের মতো টি-টেন ক্রিকেট খেলতে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার। কানাডা সুপার সিক্সটির দ্বিতীয় আসরে তাকে দলে নিয়েছে ভ্যানকুভার অ্যাঙ্কর্স। এই লিগের উদ্বোধনী আসরে খেলেছিলেন সাকিব আল হাসান। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মোস্তাফিজ।

ছয় দিনের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৯ সেপ্টেম্বর, চলবে ৪ অক্টোবর পর্যন্ত। মোস্তাফিজকে দলে নিয়ে ভ্যানকুভার অ্যাঙ্কর্স নিজেদের বোলিং আক্রমণকে আরো শক্তিশালী করেছে। দলটিতে তার সাথে আছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি ও পেসার ক্রিস জর্ডান। আছেন নেপালের তারকা অলরাউন্ডার দীপেন্দ্র সিং। দলটির কোচ অভিজ্ঞ মিকি আর্থার। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল, পিএসএল, বিপিএল, সিপিএল, কাউন্টি ক্রিকেটসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের দক্ষতার ছাপ রেখেছেন মুস্তাফিজ। এবার তার ক্যারিয়ারে যোগ হচ্ছে আরেকটি নতুন অধ্যায়- কানাডার মাটিতে প্রথমবারের মতো টি-টেন ক্রিকেট।