সরকারের নির্বাচনী ইশতেহার ও এসডিজি বাস্তবায়নে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাকী সময়ের জন্য অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দ পেল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগের পাঁচটি উন্নয়ন সহায়তা খাতে ‘বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা’ থোক হতে অতিরিক্ত বরাদ্দ দিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী অনুমোদন দিয়েছেন। এদিকে আইএমইডির তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই থেকে মার্চ) থোক বরাদ্দসহ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার ৪৮.৬৬ শতাংশ।
পরিকল্পনা মন্তণালয় থেকে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের পাঁচটি বিশেষ উন্নয়ন খাতে ৯০০ কোটি টাকা বাড়তি সহায়তা বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রী গত ৩০ প্রিলে চিঠি (ডিও) দিয়েছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ১৮ মে অর্থ বিভাগের বাজেট-১৪ শাখা থেকে বরাদ্দের বিষয়টি অনুমোদন দিয়ে পরিকল্পনা বিভাগকে চিঠি দেয়া হয়।
এ দিকে ২০২৫-২৬ অর্থবছরের দুই মাসের জন্য ওই অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে ৩০ এপ্রিল এলজিইডি মন্ত্রী স্বাক্ষরিত ওই ডিও লেটার বা আধা-সরকারি চিঠিতে বলা হয়েছে, নির্বাচিত সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন, নাগরিক সেবার কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের ভূমিকাণ্ডই অগ্রগণ্য। স্থানীয় জনগণের চাহিদা ও সরকার যোষিত কর্মসূচী বাস্তবায়নে অর্থের চাহিদা সৃষ্টি হয়েছে, যা মেটাতে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ‘উন্নয়ন সহায়তা খাতে ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত বাজেট বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন বলে স্থানীয় সরকার মন্ত্রী উল্লেখ করেছেন।
ডিও লেটারের তথ্য বলছে, বর্তমানে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন- এই পাঁচ খাতে চলতি ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ রয়েছে তিন হাজার ১০০ কোটি টাকা। এখানে এটা ৯০০ কোটি টাকা বাড়িয়ে চার হাজার ৮০ কোটি টাকায় উন্নীত করার জন্য বলা হয়েছে।
অর্থ বিভাগের অনুমোদনপ্রাপ্ত পাঁচ খাতে বরাদ্দ হলো- ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ ৮৮০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা বাড়িয়ে ৯৮০ কোটি টাকা, উপজেলা পরিষদের পুনঃউপসংযোজনসহ ৭০০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকা বাড়িয়ে সাড়ে ৯০০ কোটি টাকা, জেলা পরিষদের বরাদ্দ ৬০০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকা বাড়িয়ে সাড়ে ৮০০ কোটি টাকা, পৌরসভার পুনঃউপসংযোজনসহ বরাদ্দ ৫৩৫ শ’ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা বাড়িয়ে ৬৩৫ কোটি টাকা এবং সিটি কর্পোরেশনগুলোর জন্য পুনঃউপসংযোজনসহ বরাদ্দ ৪৬৫ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকা বাড়িয়ে ৬৬৫ কোটি টাকা বরাদ্দ দাবি জানানো হয়েছে।
আইএমইডির সর্বশেষ তথ্য বলছে, ২৪৪টি প্রকল্পের বিপরীতে এই স্থানীয় সরকার বিভাগের বরাদ্দ ছিল ৩৭ হাজার ৭০৯ কোটি ১০ লাখ টাকা। যেখানে খরচ হয়েছে এই মার্চ পর্যন্ত ১৮ হাজার ৩৪৭ কোটি ৪৬ লাখ টাকা।
এখানে মোট বরাদ্দের মধ্যে জিওবি থেকে বরাদ্দ হলো ২৫ হাজার ৯১৩ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা এবং বিদেশী ঋণ সহায়তা ১১ হাজার ৬২০ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার টাকা। নিজস্ব অর্থায়ন ১৭৪ কোটি ৭৯ লাখ ২২ হাজার টাকা। নিজস্ব অর্থ গত ৯ মাসে খরচ করতে না পারলেও বিদেশী অর্থ খরচ হয়েছে ৫২.৬১ শতাংশ বলে আইএমইডির তথ্য থেকে জানা গেছে।



