জৈন্তাপুরে স্বামীর হাতে স্ত্রী খুন ঝালকাঠিতে বৃদ্ধাকে ‘ধর্ষণ’

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সিলেটের জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে দ্বিতীয় স্ত্রী নিহত হয়েছেন। এ ছাড়া বগুড়ায় নিখোঁজের একদিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার এবং ঝালকাঠিতে হাসপাতাল থেকে ডেকে নিয়ে ৬০ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার এসব ঘটনা ঘটে।

জৈন্তাপুরে নিহত জেসমিন বেগম (২৫) তার স্বামী গোলাম রফিক ওরফে রশিদের (৫২) নির্যাতনে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ তার স্বামী ও প্রথম স্ত্রী রুশনা বেগমকে হেফাজতে নিয়েছে। বগুড়ায় নিহত মুহিব হাসান শ্রাবণ (১৯) জয়নুল আবেদীন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। অন্য দিকে ঝালকাঠিতে ভুক্তভোগী নারীকে পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

সিলেট : জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাত্তি গ্রামে পারিবারিক কলহের জেরে জেসমিন বেগম নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, গোলাম রফিক তার দুই স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। কয়েক মাস ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার রশিদ ও তার প্রথম স্ত্রী রুশনার সাথে জেসমিনের ঝগড়া হয়। একপর্যায়ে জেসমিনকে মারধর করা হয়। আহত অবস্থায় তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সে মারা যায়। জৈন্তাপুর মডেল থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, জেসমিনের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় রশিদ ও রুশনাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বগুড়া : করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মুহিব হাসান শ্রাবণের (১৯) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল। তিনি বগুড়া সদর উপজেলার ইছাইদহ এলাকার মামুন প্রামাণিকের ছেলে। সোমবার বন্ধুদের সাথে ফুটবল খেলার পর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন শ্রাবণ। ঘটনার দিন ডুবুরি দল বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালালেও উদ্ধার সম্ভব হয়নি। বগুড়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহজাহান সিরাজ জানান, মঙ্গলবার সকালে পুনরায় অভিযান চালিয়ে লাশ উদ্ধার করা হয়।

ঝালকাঠি : ঝালকাঠি সদর হাসপাতাল থেকে খাবার খাওয়ানোর কথা বলে ৬০ বছর বয়সী এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে তাকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। পরে হাসপাতালে ফিরে তিনি কান্নাকাটি করলে কর্তৃপক্ষ তাকে ভর্তি করে পুলিশকে খবর দেয়।

এ ঘটনায় বেল্লাল সিকদার ও নাসির নামে দু’জনকে আটক করেছে পুলিশ। হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুম ইফতেখার জানান, ওই নারী ভর্তি রোগী ছিলেন না। পুলিশের কাছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেয়া হয়েছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, ভুক্তভোগীর দেয়া তথ্যের ভিত্তিতে আটক দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।