নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক দেশের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দুর্যোগ মোকাবেলায় সরকার, সমাজের বিত্তবান শ্রেণী এবং সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
গতকাল শনিবার রাজধানীতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বৈঠক পরিচালনা করেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
মাওলানা মামুনুল হক বলেন, টানা বর্ষণ ও উজানের ঢলে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ দেশের বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হয়েছে। হাজার হাজার পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। অনেক মানুষ আশ্রয় হারিয়েছেন এবং বিশুদ্ধ পানীয় পানি, খাদ্য, চিকিৎসাসেবা ও নিরাপদ আশ্রয়ের সঙ্কট ক্রমেই তীব্র হচ্ছে। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপতি, ব্যবসায়ী ও সামর্থ্যবান নাগরিকদের বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে সরকারকে পরিকল্পিতভাবে ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের কোনো ধরনের অবহেলা যাতে না ঘটে, তা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
মাওলানা মামুনুল হক বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সব স্তরের নেতাকর্মী, বিশেষ করে বন্যাকবলিত জেলার দায়িত্বশীলদের দ্রুত স্বেচ্ছাসেবী টিম গঠন করে উদ্ধার, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয়ার নির্দেশনা দেন। বৈঠকে বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত হত্যা, গুম, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করে রায় কার্যকর করতে হবে। বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার পাশাপাশি বিভ্রান্তিমূলক প্রচারণা ও অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী ও মাওলানা কোরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন এবং মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা নেয়ামতুল্লাহ, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, মাওলানা আবু সাঈদ নোমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ প্রমুখ।



