আমাদের দুই দেশের অংশীদারিত্ব বিস্তৃৃত হচ্ছে- ভারতের হাইকমিশনার

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের সাথে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস গভীরে প্রোথিত। এ অভিন্ন ইতিহাস ও পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে দুই দেশের অংশীদারিত্ব অব্যাহতভাবে বিস্তৃত হচ্ছে। বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব রয়েছে।

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে দীনেশ ত্রিবেদী এ কথা বলেন। রাজধানীর বারিধারায় অবস্থিত হাইকমিশন প্রাঙ্গণে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়।

হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্পৃক্ততার গভীরে রয়েছে অভিন্ন আকাক্সক্ষার এবং পারস্পরিক শুভকামনা। আমাদের অটুট বন্ধুত্বের ক্ষেত্রে এটাই সত্য। ভবিষ্যতের দিকে তাকিয়ে এ ব্যতিক্রমী বন্ধনের যতœ আমাদের নিতে হবে। আমরা অভিন্ন উন্নয়নের পথে হাতে হাত রেখে এগিয়ে যাবো।

বাংলাদেশে অধ্যয়নরত শিক্ষার্থীসহ ভারতীয় সম্প্রদায়ের সদস্য এবং দেশের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে হাইকমিশনে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা মিশন সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।