নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
গতকাল বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তামীম বলেন, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমার সম্পর্কে ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের উদ্ধৃতি দিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ব্যাপারে আমার সুস্পষ্ট বক্তব্য হলো এসব তথ্য অসত্য, বানোয়াট, বিদ্বেষপ্রসূত ও কাল্পনিক। ব্যক্তিগত প্রতিহিংসা থেকে তিনি এমন তথ্য ছড়াচ্ছেন বলে আমি মনে করি।
এই প্রসিকিউটর বলেন, আমি দৃঢ়তার সাথে বলছি যে, আমার বিরুদ্ধে আনা কোনো অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না। সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে আমাদের প্রসিকিউশন টিমের পরিচালিত জুলাই গণহত্যা ও গুমের বিচারপ্রক্রিয়া নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আর এজন্য ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে একটি মহল।
তিনি আরো বলেন, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিদায়কালে এ ধরনের অপপ্রচার ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের প্রত্যেক সদস্যের সুনাম ক্ষুণœ করবে। এতে লাভবান হবে গণহত্যাকারীরা। আর সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ভুক্তভোগীরা। তাই এ ধরনের মিথ্যাচার ও ঘৃণ্য অপতৎপরতা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান রইল।



