বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর অর্থোপেডিক অপারেশন থিয়েটারে চিকিৎসাসেবার মান আরো উন্নত ও আধুনিক করার লক্ষ্যে অত্যাধুনিক ‘সি-আর্ম’ ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ১০ম তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে মাধ্যমে আধুনিক এই চিকিৎসা প্রযুক্তির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। এই মেশিন চালুর ফলে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি সেবায় নতুন মাত্রা যুক্ত হলো। অপারেশন চলাকালীন রোগীর হাড়ের রিয়েল-টাইম বা লাইভ এক্স-রে ইমেজ সরাসরি দেখার সুবিধা থাকায় জটিল হাড়ের অস্ত্রোপচার আরো নিরাপদ, নিখুঁত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এর ফলে জটিল অস্ত্রোপচারে বাড়বে নিখুততা। উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সবসময় রোগীদের বিশ্বমানের চিকিৎসাসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই আধুনিক সি-আর্ম মেশিন আমাদের অর্থোপেডিক সার্জনদের কর্মদক্ষতা আরো বাড়িয়ে দেবে। জটিল হাড়ের ফ্র্যাকচার নিয়ে আসা রোগীরা এখন দেশেই অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের আধুনিক সার্জারি সেবা পাবেন। বিজ্ঞপ্তি।



