নোয়াখালীতে তিনজনকে হত্যায় ৩ আসামির মৃত্যুদণ্ড

Printed Edition

নোয়াখালী অফিস

নোয়াখালী সদর উপজেলায় তিনজনকে গুলি করে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো: শওকত আলী এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বেগমগঞ্জ উপজেলার ওমর নাসির সাজু (৩২), ওমর শরীফ সুলতান (২৫) এবং নোয়াখালী পৌরসভা এলাকার মো: সৌরভ (২৭)। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- বেগমগঞ্জ উপজেলার ফিরোজ মাহমুদ বাপ্পী (২৭), কুদরত উল্যাহ (৬৫) ও হারুনুর রশীদ বাবুল (৪৫)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২১ মার্চ নোয়াখালী সরকারি কলেজসংলগ্ন একটি হোস্টেলের পুকুরে কুকুরকে গোসল করানোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেনের সাথে কয়েকজনের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন সন্ধ্যার পর স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসে। সেখানে আনোয়ারের বন্ধু রাজিব ও ওয়াসিমও উপস্থিত ছিলেন। মামলার এজাহার অনুযায়ী, সন্ধ্যার দিকে পরিকল্পিতভাবে আসামিরা দলবদ্ধ হয়ে ভুক্তভোগীদের ওপর হামলা চালান। একপর্যায়ে সাজু, সৌরভ ও সুলতান গুলি ছুড়লে ওয়াসিম, রাজিব ও ইয়াছিন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পর রাজিব মারা যায়। অন্য দিকে ওয়াসিম ও ইয়াছিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তারাও মারা যান। এ ঘটনায় নিহত রাজিবের স্ত্রী কামরুন নাহার ছবি সুধারাম থানায় হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত আদালতের পিপি মো: বরুত উল্যাহ রাসেদ রায়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, মামলায় গ্রেফতার একমাত্র আসামি ফিরোজ বাপ্পীর উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়েছে। মামলার পর থেকে অপর পাঁচ আসামি পলাতক রয়েছেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো: শামসুদ্দিন।