ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু একদিনে ভর্তি ১১৬৩

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশের হাসপাতালগুলোতে এক হাজার ১৬৩ নারী-পুরুষ নতুন করে ভর্তি হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। গত রোববার সকাল ৮টার পর থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গুর এত রোগী ভর্তি হয়েছে বলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যে চারজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে দুইজন, উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে একজন এবং বাকি একজন ময়মনসিংহ বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত কয়েক দিন থেকে সারা দেশে ধারাবাহিকভাবে ডেঙ্গু আক্রান্তদের হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলছেন, হঠাৎ করে ভারী বৃষ্টি কমে যাওয়ায় ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশার প্রজনন বেড়ে গেছে। সাধারণত ভারী বৃষ্টি হলে এডিস মশার লার্ভা নষ্ট হয়। কিন্তু কয়েক দিন যাবৎ ভারী বৃষ্টি কমে যাওয়ায় ডেঙ্গুর প্রজননে কোনো বাধা থাকছে না বলে মশা বেড়েছে এবং মানুষ বেশি করে আক্রান্ত হচ্ছে। তা ছাড়া এডিস মশাকে এত দিন অভিজাত অথবা শহুরে মশা বলা হলেও ডেঙ্গু কিন্তু এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে। যে কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও বেড়েছে। এত দিন কেবল ঢাকা শহরের হাসপাতালগুলোতে বেশি হারে ডেঙ্গু আক্রান্ত পাওয়া যেত কিন্তু এখন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে বেশি করে ডেঙ্গু আক্রান্তরা হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

অবশ্য গতকাল সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ৪৪৯ জন। ঢাকায় সারা দেশের মানুষ চিকিৎসা নিতে আসে বলে এখানে রোগীর সংখ্যা বেশি। তবে গতকাল ঢাকার বাইরে খুলনা বিভাগে ২৮৩ জন ভর্তি হয়েছিল। এ ছাড়া বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১২০ জন, রাজশাহী বিভাগে ৮৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬৭ জন। তবে রংপুরি বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে একজনর রোগী ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আগস্টে ঢাকার বাইরে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হলেও হলেও মৃত্যুর দিক থেকে খুলনা বিভাগে সবচেয়ে বেশি। আগস্টে সারা দেশে যে ৯৭ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে সেখানে কেবল ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৪৯ জনের। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ৩৪ জন, ঢাকার উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ১২ জন এবং ঢাকা সিটি করপোরেশনের বাইরে বিভাগের অন্যান্য হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। অপর দিকে খুলনা বিভাগে মারা গেছে ১৮ জন, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ৯ জন করে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে বিভাগে ছয়জন, রাজশাহীতে চারজন, রংপুর ও সিলেট বিভাগে একজন করে দুইজনের মৃত্যু হয়েছে।