ত্রিদেশীয় অর্থনৈতিক করিডর বাস্তবায়নে আশাবাদী : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

তিস্তা মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ ত্রিদেশীয় অর্থনৈতিক করিডরসহ যৌথ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে অনুষ্ঠিত ‘কম্পারেটিভ গভর্ন্যান্স ফোরাম-২০২৬’ বিষয়ক যৌথ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ প্রত্যাশার কথা জানান।

ইয়াও ওয়েন বলেন, জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ছিল দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। ওই সফরে বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা আরো এগিয়ে নেয়ার অঙ্গীকার করেছে। তিস্তা মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর এবং অন্যান্য যৌথ উন্নয়ন উদ্যোগের বাস্তবায়ন নিয়ে চীন আশাবাদী। আগামী দিনে এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের কৌশলগত সহযোগিতা আরো জোরদার হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান বক্তব্য রাখছেন।