গোমস্তাপুরে যুবলীগ নেতার সাথে ওসির বৈঠক

Printed Edition

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ওসি নূরে আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার সাথে বৈঠকের অভিযোগ উঠেছে। এর প্রতিবোদে ওসিকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় গোমস্তাপুর বাজারে সদর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ। এসময় নেতৃবৃন্দ অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন ওসি নূরে আলম। বিস্ফোরকসহ সন্ত্রাসী আইনে একাধিক মামলা থাকলেও আ’লীগ ও যুবলীগের নেতাকর্মীদের গ্রেফতারে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। ওসির কারণে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তারা নানারকম কার্যক্রম পরিচালনা করলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয় না। এমনকি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তারা আরো বলেন, সম্প্রতি গোমস্তাপুর উপজেলা নুহু স্ট্যান্ডে একটি মাদকবিরোধী উঠান বৈঠকেও ওসির পাশে বসে থাকতে দেখা যায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ন রেজা ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামাল, চেয়ারম্যানের ভাতিজা উপজেলা যুবলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মধুকে, যা অত্যান্ত দুঃখজনক। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ওসিকে প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বশির, চৌডালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোন্তাজ আলী, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল ইসলাম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা প্রমুখ। গোমস্তাপুর থানার ওসি নূরে আলম বলেন, মাদক ও সন্ত্রাস বিরোধী উঠান বৈঠকে চেয়ার ফাঁকা থাকায় জান্নাতুল ফেরদৌস মধুকে সেখানে বসানো হয়েছিল।