সুন্দরবনে ৫২ জলদস্যুর আত্মসমর্পণ

Printed Edition

কয়রা (খুলনা) সংবাদদাতা

সুন্দরবনে সক্রিয় চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কাছে আত্মসমর্পণ করেছেন। গত সোমবার তারা র‌্যাব-৬-এর কাছে আত্মসমর্পণ করেন। গতকাল মঙ্গলবার র‌্যাব-৬ সদর দফতর, খুলনা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালসহ বনজীবীরা দীর্ঘদিন ধরে জলদস্যু ও বনদস্যুদের অপহরণ ও মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধের কারণে নিরাপত্তাহীনতায় ছিলেন। এসব অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব সুন্দরবনের বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান চালিয়ে আসছে।

আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন এবং আফতাব বাহিনীর আটজন রয়েছেন।

র‌্যাবের ভাষ্য, ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তৎপরতার পাশাপাশি সরকারের পুনর্বাসন উদ্যোগের ফলে দস্যুদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় চারটি বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করেন। তাদের আত্মসমর্পণের ফলে সুন্দরবনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতির পাশাপাশি বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ আরো সুদৃঢ় হবে বলে মনে করছে র‌্যাব।

র‌্যাব-৬ জানিয়েছে, আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, বন্যপ্রাণীর প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটক ও বনজীবীদের প্রবেশ বন্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে বিধিবিধান ও অনুমতি সাপেক্ষে বন আবার উন্মুক্ত করা হয়েছে।