ওসমানীনগরে দু’পক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১০

Printed Edition

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

সিলেটের ওসমানীনগরে পূর্বশত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে শাহজাহান মিয়া সৌরভ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সৌরভ উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। এ ছাড়া উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- আল আমিন, শাহান, শাকিল, জিগির, সুপান ও আব্দুল আজিজ। এদের মধ্যে শাকিল আহমদ নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার বিকেল ৫টার দিকে উত্তর তিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সৌরভ বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা তার ওপর হামলা করে। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সৌরভের শ্বাসনালীতে ধারালো অস্ত্রের আঘাত লাগে। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি সন্ধ্যায় মারা যান।

নিহতের চাচা মিজানুর রহমান জানান, পূর্বশত্রুতার জের ধরে অতর্কিত সন্ত্রাসী হামলা করে আমার ভাতিজাকে হত্যা করা হয়েছে। ওসমানীনগর থানার ওসি মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, সংঘর্ষে একজন মারা গেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।