জোহানেসবার্গের বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

Printed Edition

বিবিসি ও আলজাজিরা

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি বস্তিতে বন্দুকধারীদের নির্বিচার গুলিবর্ষণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ক্লিভল্যান্ডের একটি বস্তিতে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। এতে আরো ৯ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে জড়িত সন্দেহভাজনদের গ্রেফতারে জোর তল্লাশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ক্লিভল্যান্ডের একটি পেট্রল স্টেশনের কাছে একটি সাদা রঙের টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনেরও বেশি সশস্ত্র ব্যক্তি এসে নেমেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।