রাউজানের যুবদল নেতা হত্যায় অস্ত্রধারী আইয়ুব গ্রেফতার

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের রাউজানের পাহাড়তলীতে প্রকাশ্য দিবালোকে রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে গুলি করে হত্যার ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড মো: আইয়ুবকে (৪৫) রাঙ্গামাটি থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গতকাল রোববার ভোররাতে এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পর গ্রেফতার এড়াতে আইয়ুব রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পাহাড়ি এলাকায় তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করেছিলেন। এই তথ্যের ভিত্তিতে গতকাল রোববার ভোররাতে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের হাজীপাড়া এলাকার শাহ আলমের বাড়িতে অভিযান চালায় র‌্যাবের একটি আভিযানিক দল। সেখান থেকে আইয়ুবকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, আসামিকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে চট্টগ্রামে নিয়ে গেছে র‌্যাবের টিম।

গ্রেফতার হওয়া আইয়ুব রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সমশের পাড়া এলাকার আব্দুল মোনাফের ছেলে।