রাজনৈতিক সদিচ্ছা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ডিএনসিসিকে একটি সর্বাধুনিক ও নাগরিক বান্ধব নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, অনির্বাচিত নগর প্রশাসন, অব্যবস্থাপনা, লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারণে নগরীতে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত নগরায়ণ, খানা-খন্দক, সেকেলে পয়ঃনিষ্কাষণ, জলাবদ্ধতা নগরজীবনকে দুর্বিষহ করে তুলেছে। নিম্ননামের রাস্তাঘাট, মানহীন যানবাহন, খেলাধুলাসহ সুস্থধারার বিনোদনকেন্দ্রের অপ্রতুলতা, দুর্বল ও মানহীন শিক্ষা অবকাঠামো নগরীর প্রধান সমস্যারগুলোর অন্যতম। একবিংশ শতাব্দীতে এসে এ ধরনের নগর ব্যবস্থা কোনোভাবেই কাম্য নয়। তাই চলমান শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত বিশে^র নগর ব্যবস্থাপনার সাথে সঙ্গতি রেখে ডিএনসিকে নতুন করে ঢেলে সাজানোর কোনো বিকল্প নেই।
তিনি গতকাল হাতিরঝিল লেকপাড় সংলগ্ন বটতলায় সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘উজ্জীবন’ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের সভাপতি সৈয়দ আকিবের সভাপতিত্বে ও সেক্রেটারি মোরাদ হোসেন মজুমদারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন হাতিরঝিল পূর্ব থানার আমির ও স্থানীয় কমিশনার প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী এবং থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমীন। উপস্থিত ছিলেন আবুল হাসেম, আইয়ুব আলী, ইসহাক আলী, তছির উদ্দীন, আখতারুজ্জান, জম্মুন খান, নজরুল ইসলাম, আবুল বাশার, ফরিদ হোসেন, সিরাজুল ইসলাম, আব্দুল খালেক, শেহাবুল ইসলাম ও মানিক প্রমূখ।
মতবিনিময় সভা শেষে উজ্জীবনের পক্ষ থেকে সভাপতি সৈয়দ আকিব প্রধান অতিথিকে সংগঠনের লোগো সম্বলিত টি-শার্ট ও বার্ষিকী উপহার প্রদান করেন। বিজ্ঞপ্তি।



