নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি মুদি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় অর্ধকোটি টাকার মালামাল নষ্ট হয়েছে।
গত ৮ আগস্ট ভোরে নাসিরনগর থানা রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতের কোনো একসময় একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আনোয়ার স্টোরের মালিক সামছু মিয়া জানান, আগুনে তার দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ব্যবসায়ী জগবন্ধু দেবনাথের দাবি, তার দোকানে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। দিলীপ স্টোরের মালিক জানান, তার দোকানের ১৭ লাখ টাকার বেশি মূল্যের মালামাল পুড়ে নষ্ট হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, চারটি দোকান মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।



