মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাব ক্রীড়াঙ্গনেও

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইরানে যৌথ সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বিরাজ করছে। নিরাপত্তা শঙ্কায় বন্ধ সবধরনের ফ্লাইট। এমন পরিস্থিতিতে ইরানের ঘরোয়া পার্সিয়ান গালফ প্রো লিগের কিছু ম্যাচ স্থগিত করা হয়েছে। সবধরনের টুর্নামেন্ট ও ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ)।

এ দিকে বৈশ্বিক উত্তেজনার জেরে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ‘ফিনালিসিমা’ ম্যাচ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দোহার লুসাইল স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত পরশু এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) মধ্যপ্রাচ্যে নির্ধারিত মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ম্যাচগুলো স্থগিতের ঘোষণা করে। একই সাথে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালও পিছিয়ে দেয়া হয়েছে।

লিভারপুলের অ্যাম্বাসেডর হিসেবে তিন সপ্তাহ আগে আবুধাবিতে যাওয়া গ্রায়েম সোনেস বিমানবন্দরে আটকা পড়েছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, যুক্তরাজ্যে ফেরার ফ্লাইট বাতিল হয়েছে। এখনো বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

এরই মধ্যে আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্স ও পাকিস্তান শাহিনসের ওয়ানডে ম্যাচ বাতিল করা হয়েছে। দুই দলই দুবাইয়ে আটকা পড়েছে। ১৩ মার্চ সংযুক্ত আরব আমিরাতে টি-২০ সিরিজ মুখোমুখি হওয়ার কথা আফগানিস্তান ও শ্রীলঙ্কার। সাম্প্রতিক উত্তেজনার কারণে সিরিজ আয়োজন নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত ইরানের

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার প্রভাবে জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহন অনিশ্চিত হয়ে গেছে ইরানের। ইরান ফুটবল ফেডারেশন এমনটা জানিয়েছেন।