সিলেট ব্যুরো
সিলেটে হামের প্রাদুর্ভাবের মধ্যেই ডেঙ্গুর সংক্রমণ বাড়তে শুরু করায় উদ্বেগ দেখা দিয়েছে এ এলাকায়। চলতি বছরের সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শতাধিক হয়েছে। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে গত রোববার বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্র জানায়।
স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সব তথ্য সরকারি হিসাবে যুক্ত না হওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা জানা যায়নি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৩ ১ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ ছাড়া সুনামগঞ্জে ১৩ জন, সিলেটে ১১ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটে আসা একজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। বিভাগের বাইরে থেকে চিকিৎসা নিতে আসা আরো দু’জনেরও ডেঙ্গু ধরা পড়েছে। এ ছাড়া বিভাগের বাইরে থেকে চিকিৎসা নিতে আসা আরো দু’জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে গত ৯ জুন থেকে পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিলেট সিটি করপোরেশন। নগরীর বিভিন্ন স্থানে এডিস মশার লার্ভাও পাওয়া যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে সংক্রমণের তথ্য এখনো পাওয়া যায়নি। আক্রান্তদের অধিকাংশেরই ভ্রমণের ইতিহাস রয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: উমর রাশেদ মুনির জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতালের নতুন ভবনে ২০ শয্যার একটি ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে।



