নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো: সাজ্জাত আলীর বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ডিএমপি। গতকাল শুক্রবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী বৃহস্পতিবার রাজধানীর একটি স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের পর উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, চমৎকার পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
উপস্থিত সাংবাদিকদের তিনি আরো বলেন, একই কেন্দ্রে ২০১৮ সালে তিনি ভোট প্রদান করতে এসে শোনেন তার ভোট দেয়া হয়ে গেছে। অতীতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার সে প্রসঙ্গের বক্তব্যকে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে খণ্ডিত আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে জানিয়েছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের উদ্দেশ্যমূলক অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে ডিএমপি। পাশাপাশি জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।



