দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সরকারি গাছ উপড়ে ফেলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বাবনি এলাকায় ক্ষতিগ্রস্ত ও উপড়ে ফেলা গাছগুলো পরিদর্শনে যান তিনি। পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে প্রশাসনকে এই কড়া নির্দেশনা ও আলটিমেটাম দেন ব্যারিস্টার কায়সার কামাল।
পরিদর্শনকালে পরিবেশের ওপর এমন আঘাতের তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘গাছ শুধু গাছ নয়, এটা একটি জীবন। আমি বলব, এই গাছগুলোকে হত্যা করা হয়েছে। যারা এই নির্মম ও জঘন্য কাজ করেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত করেন।’
তিনি আরো উল্লেখ করেন, রাষ্ট্রীয় বা সরকারি সম্পদ ধ্বংসকারী অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হয়, তবে সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দেয়া হবে।
গাছ পরিদর্শনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরিবেশকর্মীরাও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



