সাভার (ঢাকা) প্রতিনিধি
চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের (৩৯) বিরুদ্ধে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কনটেন্ট ক্রিয়েটর ও স্বেচ্ছাসেবী মো: হাসান (নাহিদ) বাদি হয়ে গত ২৯ আগস্ট মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানা ও বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো: আল-আমিন রোববার দুপুরে জানান, এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। তবে বর্তমানে অভিযুক্তদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার শরণখোলা থানার বকুলতলা এলাকার সড়ক থেকে গত ২৩ আগস্ট এক পরিচয়হীন অসুস্থ বৃদ্ধাকে (৬৫) উদ্ধার করেন বাদি হাসান (নাহিদ)। বৃদ্ধাকে আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থা করে দেয়ার জন্য তিনি মোবাইল ফোনে সাভারের বিরুলিয়া ইউনিয়নে অবস্থিত চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের সাথে যোগাযোগ করেন। কিন্তু ওই বৃদ্ধাকে প্রতিষ্ঠানে আশ্রয় দেয়ার বিনিময়ে মিল্টন সমাদ্দার তার কাছে মাসে ১৮ হাজার টাকা দাবি করেন। বিষয়টি হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে মানবিক কাজের আড়ালে মিল্টন সমাদ্দারের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।
পরবর্তী সময়ে পরিস্থিতি সামাল দিতে মিল্টন সমাদ্দার বৃদ্ধাকে তার আশ্রমে নিয়ে আসার আহ্বান জানান। মিল্টনের কথামতো গত ২৫ আগস্ট রাতে অ্যাম্বুলেন্সে ওই বৃদ্ধাকে নিয়ে সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে পৌঁছান হাসান। সেখানে পৌঁছানোর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জের ধরে মিল্টন সমাদ্দার, প্রতিষ্ঠানের ম্যানেজার দেবাশীষ (২৬) এবং আরো পাঁচ-সাতজন অজ্ঞাতনামা লোক হাসানের ওপর অতর্কিত হামলা চালায়।
হাসানের অভিযোগ, আক্রমণের একপর্যায়ে মিল্টন সমাদ্দার তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন, এতে তিনি শারীরিক জখমের শিকার হন। শুধু তাই নয়, পরে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে একটি জোর করে দায়মুক্তির স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করে রাখা হয়, যেখানে বৃদ্ধাকে আশ্রয়ের জন্য টাকা দাবি করা হয়নি বলে বলানো হয়। এরপর নিজের দায় এড়াতে বৃদ্ধাকে আশ্রমে রেখে হাসান ও তার সাথে থাকা মো: ইলিয়াস হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়ে বের করে দেয়া হয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মিল্টন সমাদ্দারের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ থেকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরে সাড়ে ৬ তলা একটি ভবনে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের সাভার শাখার কার্যক্রম চালু রয়েছে।



