নিজস্ব প্রতিবেদক
- জুলাই গণ-অভ্যুত্থানের বিচার
- মানবতাবিরোধী অপরাধ
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে গুলি করে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের (চার্জ গঠন) শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। শুনানিতে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ২৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আবেদন জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো: শফিউল আলম মাহমুদ ও বিচারক মো: মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। এ সময় প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম, প্রসিকিউটর জহিরুল আমিন ও তারেক আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন ও এম হাসান ইমাম কয়েকজন পলাতক আসামির পক্ষে বক্তব্য তুলে ধরেন। আরেক স্টেট ডিফেন্স আইনজীবী মো: শহিদুল ইসলাম ও অন্যান্য আসামির আইনজীবীদের শুনানির জন্য ট্রাইব্যুনাল বৃহস্পতিবার দিন ধার্য করেন।
প্রসিকিউশনের পক্ষে ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশ এলাকায় চলা হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরা হয়েছে।
মামলায় অভিযুক্ত ২৬ আসামির আটজন গ্রেফতার রয়েছেন। তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মো: মজিবুর রহমান, আজমপুর পুলিশ ফাঁড়ির সাবেক কনস্টেবল মো: হোসেন আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, যুবলীগ সভাপতি মো: দেলোয়ার হোসেন রুবেল, আওয়ামী লীগ নেতা মো: সোহেল রানা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো: শাহ আলম এবং তুরাগ থানা এলাকার আওয়ামী লীগ কর্মী মো: ইরফানুল হক গাজী।
মামলার বাকি ১৮ আসামি পলাতক রয়েছেন। এ তালিকায় আছেন ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: তোহিদুল ইসলাম, উত্তরা বিভাগের সাবেক সহকারী পুলিশ কমিশনার সুমন কর, উত্তরা পশ্চিম থানার সাবেক ওসি বি এম ফরমান আলী, উত্তরা পূর্ব থানার সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশনস) মাহমুদুল হাসান, উত্তরা পূর্ব থানার সাবেক কনস্টেবল মো: আবু ছায়েম, উত্তরা পূর্ব থানার সাবেক এসআই খালেদ আনোয়ার, উত্তরা পূর্ব থানার সাবেক এ এস আই মো: রোকনুজ্জামান।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন ওরফে যুবরাজ, সাবেক কাউন্সিলর মো: ফরিদ আহমেদ, সাবেক কাউন্সিলর ডি এম শামীম, সাবেক কাউন্সিলর মো: আনিছুর রহমান নাঈম, সাবেক কাউন্সিলর মো: আফছার উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা মো: আলাউদ্দিন আল সোহেল, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সহসভাপতি মুরতাফা বিন ওমর ওরফে সাথিল এবং তুরাগ থানা আওয়ামী লীগের যুবলীগ নেতা জাকির হোসেন ওরফে মিঠু।



