সংসদ প্রতিবেদক
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে রাজধানীর একটি উপযুক্ত সড়কের নামকরণে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিকেলে সংসদে বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের আনীত কাতারের সাবেক আমিরের নামে ঢাকার একটি সড়কের নামকরণ করা সম্পর্কিত এক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশনা, ইতোমধ্যে ঢাকা সিটি করপোরেশনকে মৌখিকভাবে দেয়ার কথা সংসদকে জানান।
তিনি বলেন, যেটি প্রস্তাবনা সমন্বিত বিরোধী দলের নেতা উপস্থাপন করেছেন, আমি গতকালকেই (মঙ্গলবার) ঢাকা সিটি করপোরেশনে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে সেটিকে মরহুমের নামের নামকরণের জন্য আমি এলজিআরডি মন্ত্রণালয়কে মৌখিকভাবে নির্দেশনা দিয়েছি। আজকে (বুধবার) বিরোধীদলীয় নেতা এই বিষয়টি উপস্থাপন করার জন্য আমি আন্তরিকভাবে সরকারের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বুধবার বাংলাদেশ শোক পালন করে এবং জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়েছে। বাংলাদেশের শোক ও সমবেদনা জানাতে সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ কাতারের দোহায় গেছেন।
প্রধানমন্ত্রী কাতারের সাবেক আমিরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি সম্মান দেখিয়ে আমরা কাতারের জনগণের প্রতি সম্মান দেখিয়ে আমরা কাতারের জনগণের প্রতি সম্মান প্রদর্শন করছি। কাতার এমন একটি দেশ যারা আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে দেশের অগ্রযাত্রায় বিভিন্নভাবে সহযোগিতা করেছে বা এখনো করছে এখনো। লাখ লাখ বাংলাদেশীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে কাতার আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন যাত্রাতেও অংশীদার। শুধু তাই নয়, এর ভেতরে যখন মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী নিয়ে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কাতার নিজেও বিভিন্নভাবে আক্রান্ত হওয়ার পরও আমাদের লাখ লাখ প্রবাসীকে তারা নিজেদের নাগরিকদের মতো টেক কেয়ার করেছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী বলেন, এসব বিষয় বিবেচনা করে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির জন্য বুধবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সাথে আমাদের জাতীয় পতাকাকে অর্ধনিমিত রাখা হয়েছে।



