ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত বিদেশী প্রকৌশলী ও শ্রমিকদের আন্তর্জাতিক আবাসন এলাকা গ্রিনসিটিতে বিষাক্ত বা অতিরিক্ত মদ্যপানের পৃথক ঘটনায় এক রুশ (রাশিয়া) নাগরিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় অপর এক রুশ নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যিনি বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে গ্রিনসিটির আবাসিক ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে এই অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিষাক্ত মদ্যপানে নিহত রুশ নাগরিকের নাম কুদরিন সার্গেই (৫৬)। তিনি রাশিয়ান ফেডারেশনের নাগরিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নিয়োজিত রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ট্রেস্ট রোসেম’ এ আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। সোমবার সকালে দাফতরিক কক্ষে কুদরিন সার্গেই অসুস্থ হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।



